সীতাকুণ্ডে লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় গতকাল বৃহস্পতিবার লরির ধাক্কায় পুলিশের কনস্টেবল বাহার উদ্দিন (২৫) নিহত হয়েছেন।
এ ঘটনায় লরির চালক আবদুল কুদ্দুসকে (২৮) গাড়িসহ আটক করেছে পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে গাড়ি রেখে আসামি ধরতে মহাসড়কের পূর্ব পাশে যাচ্ছিলেন দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও চারজন কনস্টেবল। চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় একটি লরি বাহারকে ধাক্কা দেয়। পরে পুলিশের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক বাহারকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।