সীতাকুণ্ডে শতাধিক গাড়িতে আগুন-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বার আউলিয়া মাজার এলাকায় গতকাল সন্ধ্যায় সংঘর্ষের সময় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবিটি সন্ধ্যা সাড়ে ছয়টায় তোলা ষ প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বার আউলিয়া মাজার এলাকায় গতকাল সন্ধ্যায় সংঘর্ষের সময় গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবিটি সন্ধ্যা সাড়ে ছয়টায় তোলা ষ প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল শনিবার ১৮ দলের নেতা-কর্মীদের সঙ্গে র‌্যাব ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় জামায়াতের উপজেলা আমির, সেক্রেটারি, পুলিশের দুই সদস্যসহ অন্তত ২১ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। এ খবর ছড়িয়ে পড়লে ১৮ দলের নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১১টি গাড়িতে আগুন দেন এবং শতাধিক গাড়ি ভাঙচুর করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড সদরে ১৮-দলীয় জোট পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে তারা মিছিল নিয়ে বের হলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মিছিল করতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৮ দলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় র‌্যাব-পুলিশের গুলিতে পথচারী, নারীসহ ছয়জন আহত হন। তাঁরা হলেন: কারিমুল মাওলা (৩৫), মো. রফিক (২৮), শামীম আহমেদ (৩৮), আবুল বাশার (৭০), জাহিদ খান (১৮) ও লিজা বেগম (২২)। এ ছাড়া সংঘর্ষে আহত হন উপজেলা জামায়াতের আমির শফিকুল মাওলা, সেক্রেটারি মো. আবু তাহের, উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেনসহ আরও সাতজন। আহত ব্যক্তিদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

১৮ দলের মিছিলে র‌্যাব-পুলিশের বাধা এবং সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ১৮ দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুর শুরু করেন। তাঁরা উপজেলার জলিল গেট, মাদামবিবির হাট, কদমরসুল, শীতলপুর, বার আউলিয়া, ছোট কুমিরা, সুলতানা মন্দির, বাড়বকুণ্ড, ফকিরহাট, পৌর সদরের দক্ষিণ বাইপাস, নুনাছড়া ও বটতল এলাকায় অন্তত ১১টি গাড়িতে আগুন দেন এবং শতাধিক গাড়ি ভাঙচুর করেন। তাঁরা ভাঙচুর করা গাড়িগুলোকে মহাসড়কে এলোপাতাড়ি রেখে চাকা পাংচার করে মহাসড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আরও আটজন আহত হন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই অবস্থা চলে। পরে র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু তাহের ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম অভিযোগ করেন, ১৮ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহমঞ্চদ শাহীন ইমরান প্রথম আলোকে বলেন, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটালে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।

সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) সৈয়দ ইকবাল আলী বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।