সীতাকুণ্ডে শতাধিক চাতাল বন্ধ, দুর্ভাবনায় শ্রমিকেরা
টানা তিন সপ্তাহের বর্ষণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শতাধিক চাতাল বন্ধ রয়েছে। এতে প্রায় ৭০০ শ্রমিক বেকার বসে আছেন। রুজি নেই তো রোজগার নেই তাঁদের। ধারদেনা করে চুলা ধরান তাঁরা। এদিকে ঈদ কড়া নাড়ছে দ্বারে। দুর্ভাবনা তাঁদের তাড়া করে।উপজেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছোট-বড় চাতালের সংখ্যা শতাধিক। এসব চাতালের প্রতিটিতে ছয়-সাতজন শ্রমিক কাজ করেন। বেশির ভাগ শ্রমিকের বাড়ি উত্তরবঙ্গের রংপুর, গাইবান্ধা, ভোলা ও নাটোর জেলায়। উপজেলার বারৈয়াঢালা, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, মুরাদপুর ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভায় গত রবি ও সোমবার বেশ কয়েকজন চাতালশ্রমিক প্রথম আলোকে বলেন, ‘সামনে ঈদ, বউ ও ছেলে-মেয়েদের নতুন জামা-জুতা কিনে দিতে হবে। কিন্তু চাতাল বন্ধ। চাতাল চালু করতে না পারলে চালকল মালিকেরা ঈদের আগে বেতন পরিশোধ করবেন কি না ঠিক-ঠিকানা নেই। বেতন না পেলে আমাদের পরিবারে ঈদের আনন্দ মাটি হয়ে যাবে।’উপজেলার বারৈয়াঢালা চালকলের নারীশ্রমিক খাদিজা বেগম বলেন, ‘বৃষ্টির কারণে কাজ নেই। অলস দিন পার করছি। ধারদেনা হয়ে গেছে বেশ। এদিকে ঈদ আসছে। সন্তানদের জন্য কী করব ভেবে পাই না।’শীতলপুর চালকলের চাতালশ্রমিক শহীদুল ইসলাম বলেন, তিনি ও তাঁর স্ত্রী সুফিয়া বেগম চুক্তিতে ধান সেদ্ধ, শুকানো ও চাল বানানোর কাজ করেন। চাল বানানো হলে তাঁরা টাকা পান। ওই টাকায় তাঁদের চার সন্তানসহ ছয়জনের সংসার চলে। কিন্তু টানা বৃষ্টির কারণে আষাঢ় মাসের শুরু থেকে তাঁরা অকর্মা হয়ে বসে আছেন। কিন্তু পেটে খাবার দিতে হয়। তাই প্রতিদিনই চাতাল মালিকের কাছ থেকে ঋণ নিতে হয়। চাতাল মালিকেরা বলেন, প্রতিটি চাতালেই বিপুল পরিমাণ ধান ভেজা ও সেদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টির কারণে সেদ্ধ ধান শুকানো যাচ্ছে না। এগুলো স্তূপ করে পলিথিন ও বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইতিমধ্যে ধানের ভেতরের চাল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বারৈয়াঢালা চাতাল মালিক জহিরুল ইসলাম বলেন, ‘আমার চাতালে ১৩০ মণ সেদ্ধ ধান পড়ে আছে। ভেজানো আছে প্রায় ৫০ টন ধান। এই বর্ষায় অন্তত ৩০ হাজার টাকা লোকসান গুণতে হয়েছে। শ্রমিকদের টাকা দেব কীভাবে?’চাতালনির্ভর চাল ব্যবসায়ীদের অনেকেই পুঁজি ভেঙে খরচ করতে শুরু করেছেন। ব্যবসায়ী সমিতির আশঙ্কা, এই বর্ষায় ২৫ থেকে ৩০ ভাগ চাতাল ও চালের ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসবেন।উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আলম বলেন, বৃষ্টির কারণে চাতালমালিক ও ব্যবসায়ীরা মহাবিপাকে পড়েছেন। এসব চাতালে অন্তত চার হাজার টন ধান সেদ্ধ অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে।