সীতাকুণ্ডে শিপইয়ার্ড দখলচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন শীতলপুরে এমইবি করপোরেশনের মালিকানাধীন যমুনা শিপ ব্রেকার্সের একটি জাহাজভাঙা কারখানা স্থানীয় প্রভাবশালী রাজনীতিকেরা দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমইবি করপোরেশনের কর্মকর্তারা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) নেতারাও উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স যমুনা শিপ ব্রেকার্সের পরিচালক আশরাফ হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৮৪ সালে শীতলপুর মৌজায় পাঁচ একর সাগর উপকূলের জমি ইজারা এবং আরও ৩ দশমিক ৪৩ একর ব্যক্তিমালিকানাধীন জমি কিনে জাহাজভাঙা কারখানা গড়ে তোলেন।অভিযোগ করা হয়, ২৮ বছর ধরে এ কারখানার কার্যক্রম চালানোর পর সম্প্রতি যমুনা শিপ ব্রেকার্সের জমিকে ব্যক্তিমালিকানাধীন দেখিয়ে গোপনে বিভিন্ন লোকের নামে নামজারি করানোর প্রক্রিয়া চলছে। ১২ আগস্ট সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) এবং ১৩ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে প্রতিকার চেয়ে আবেদন জানায় যমুনা শিপ ব্রেকার্স। এ অনিয়মের সঙ্গে রাজনৈতিক প্রভাবশালী কিছু ব্যক্তি ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা জড়িত বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির পরিচালক আশরাফ হোসেন। সংবাদ সম্মেলনে বিএসবিএর সভাপতি হেফাজতুর রহমান ও সাবেক সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।