সীতাকুণ্ডে শিপইয়ার্ডে এক শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় জাহাজভাঙা কারখানায় গত রোববার আরও এক শ্রমিক নিহত হয়েছেন। এস এইচ এন্টারপ্রাইজ নামে একটি জাহাজভাঙা ইয়ার্ডে জাহাজের ওপর থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. মহিউদ্দিন (২২)। তিনি কক্সবাজারের মহেশখালীর কামাল উদ্দিনের ছেলে। তিনি সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় থাকতেন। পাঁচ ভাই দুই বোনের মধ্যে মহিউদ্দিন চতুর্থ। এর আগে গত ৩ এপ্রিল এস এইচ এন্টারপ্রাইজের সহযোগী আরেফিন এন্টারপ্রাইজ নামে অন্য একটি ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় চার শ্রমিক নিহত হয়েছিলেন। দুই মাসের মাথায় আবার আরেকটি দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, রোববার সন্ধ্যায় জাহাজ থেকে নামার সময় মহিউদ্দিন নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে নগরের আল আমীন হাসপাতালে আনা হয়। এরপর তাঁকে রাতে নগরের সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১১টায় তিনি মারা যান।
মহিউদ্দিনের বড় ভাই মামুন জানান, সন্ধ্যায় এক শ্রমিক আমাদের ফোন করে জানায় আমার ভাই ৮ তলা সমান উঁচু একটি জাহাজ থেকে নিচে প্লেটের ওপর পড়ে যায়। রাতে হাসপাতালে সে মারা যায়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনাটির তদন্ত করছেন।