সীতাকুণ্ডে শিপইয়ার্ডে প্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শনিবার ভোরে জাহাজভাঙা শিল্পের একজন প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সংঘবদ্ধ স্ক্র্যাপ লোহার চোরের একটি চক্র তাঁকে খুন করে বলে পুলিশের সূত্রে জানা গেছে। মোস্তফা আলী (৫৫) নামের ওই প্রহরীর বাড়ি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বোয়ালিয়ার কুল গ্রামে।ইয়ার্ডের কর্মকর্তা রবিউল হোসেন জানান, শনিবার ভোর রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা সাগর উপকূলীয় এলাকায় রাইজিং শিপইয়ার্ডে তিন প্রহরী মোহন জলদাশ, মাখন জলদাশ ও মোস্তফা আলী নৌকা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় ১৪ থেকে ১৫ জনের স্ক্র্যাপ লোহার চোর চক্র আরেকটি নৌকায় করে অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুজন দৌড়ে ইয়ার্ডে চলে গেলেও মোস্তফা (৫৫) উপকূলে কাদামাটিতে আটকে যান। চোর চক্রের সদস্যদের চিনে ফেলায় তারা মোস্তফাকে কুপিয়ে খুন করে। পরে ইয়ার্ডের অন্য নিরাপত্তারক্ষীরা গিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন। থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন জানান, জাহাজের স্ক্র্যাপ লোহার চোরেরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই দিদারুল আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।