সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে আহত আরও দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাট রহিম স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে আহত শ্রমিকদের মধ্যে আরও দুজন মারা গেছেন। তাঁরা হলেন রায়হান (২১) ও মিন্টু মিয়া (২৭)। এ নিয়ে ওই বিস্ফোরণে মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।গত ২৬ ডিসেম্বর রহিম স্টিল ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন আরও অন্তত ২৫ জন শ্রমিক। এঁদের মধ্যে আটজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।আহতদের মধ্যে রায়হান ও মিন্টুকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে গত বৃহস্পতিবার রাতে রায়হান এবং আগের দিন বুধবার মিন্টুর মৃত্যু হয়।রহিম স্টিলের ইয়ার্ডের ব্যবস্থাপক আবদুস সাত্তার এ দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আহত বাকি ছয়জনকে ঢাকা ও চট্টগ্রামে চিকিত্সা দেওয়া হচ্ছে।