সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাদামবিবির হাট এলাকায় অবস্থিত জাহাজভাঙা প্রতিষ্ঠান সীমা শিপব্রেকিং ইয়ার্ডে গতকাল বুধবার সকালে দুর্ঘটনায় মনসুর আলী (৩২) নামের একজন শ্রমিক নিহত হয়েছেন। মনসুর নওগাঁ জেলার বাসিন্দা। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে একটি পুরোনো জাহাজে কাজ করছিলেন মনসুর। জাহাজটির ইঞ্জিন কক্ষে প্রবেশের সময় হাইড্রলিক দরজায় পিষ্ট হন তিনি। এ সময় জাহাজে কর্মরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করেন। তবে কিছুক্ষণ পরই মনসুর মারা যান। ওসি নুর মোহাম্মদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করেছে পুলিশ।