সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আজ রোববার থেকে শুরু হচ্ছে শিব চতুদর্শী মেলা।
তিন দিনের এ মেলায় অংশ নিতে চন্দ্রনাথ ধাম এলাকায় কয়েক দিন আগে থেকেই আসতে শুরু করেন তীর্থযাত্রীরা।
মেলার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী প্রথম আলোকে বলেন, মেলার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
মেলার কার্যনির্বাহী কমিটি সূত্র জানায়, মেলার বিভিন্ন আয়োজনে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মনজুর আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন উপস্থিত থাকবেন। এ ছাড়া সরকারের পাঁচজন সচিব, সাতজন অতিরিক্ত সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সীতাকুণ্ড রেলস্টেশন মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, তীর্থযাত্রীদের সুবিধার্থে গতকাল শনিবার থেকে বুধবার পর্যন্ত চট্টগ্রামমুখী মহানগর এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও মেঘনা এক্সপ্রেস এবং ঢাকামুখী ঢাকা মেইল ট্রেন সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিটের জন্য থামবে। সব মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা হবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, মেলায় আগতদের নিরাপত্তায় তিন স্তরের নিরাপত্তা থাকবে। নিরাপত্তা দিতে পুলিশের ৪৫০ জন সদস্য ইতিমধ্যে মেলায় উপস্থিত হয়েছেন।