সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা। এবারই প্রথম মেলার নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। দেশ-বিদেশের তীর্থযাত্রীরা গত বুধবার থেকেই মেলায় আসতে শুরু করেছেন।
মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডে মতবিনিময় করেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামছুল আরেফিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবনের সম্মেলন কক্ষে মেলা কমিটি, স্রাইন (মঠ ও মন্দিরের সম্পত্তি দেখভাল করা) কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মেলার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী প্রথম আলোকে বলেন, মেলার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে।
সীতাকুণ্ড রেলস্টেশনের মাস্টার মতিলাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, তীর্থযাত্রীদের সুবিধার্থে আগামী রোববার পর্যন্ত আন্তনগর ট্রেন মহানগর, পাহাড়িকা, উদয়ন, মেঘনা এক্সপ্রেস এবং বিজয় এক্সপ্রেস ও ঢাকা মেইল সীতাকুণ্ড স্টেশনে দুই মিনিটের জন্য যাত্রাবিরতি করবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, মেলায় তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের ৪০০ সদস্য মেলা এলাকায় মোতায়েন থাকবে।
মেলা সুশৃঙ্খল রাখতে চন্দ্রনাথ ধামে যাওয়ার পথে এবার দোকান বসতে দেওয়া হবে না বলে জানান সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান।