সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় ভিড়ের চাপে আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিব চতুর্দশী মেলা গতকাল শনিবার শেষ হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীরা এখানে ব্যাসকুণ্ডে স্নান, গয়াকুণ্ডে পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে গন্তব্যস্থলে ফিরে গেছেন।মেলা কমিটি সূত্রে জানা গেছে, গত শুক্র ও গতকাল শনিবার চন্দ্রনাথ ধাম থেকে এক হাজার ২০০ ফুট উপরে পাহাড়বেষ্টিত চন্দ্রনাথ শিব মন্দির দর্শন করতে গিয়ে ভিড়ের চাপে শতাধিক তীর্থযাত্রী আহত হয়েছে। টাঙ্গাইলের মধুপুর থেকে এখানে এসেছেন স্বপন সাহা। তিনি জানান, চন্দ্রনাথ ধাম থেকে পাহাড়ে ওঠার রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় বৃদ্ধ লোকদের ভীষণ কষ্ট হয়েছে। মেলা কমিটির কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যাপক নিরাপত্তার মধ্যেও ছিনতাইকারীরা তীর্থযাত্রীদের কাছ থেকে গত দুই দিনে দুই শতাধিক মোবাইল ফোনসেট ও নগদ টাকা নিয়ে গেছে। পুলিশ এ পর্যন্ত ১০ ছিনতাইকারীকে আটক করেছে। সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী বাবু জানান, এবারের মেলায় প্রায় ১২ লাখ তীর্থযাত্রী এসেছেন। চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে ভিড়ের চাপে সেতুটি ভেঙে যায়। এতে ৩০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন।