সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় সমাগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শিবচতুর্দশী পূজা ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে শিবচতুর্দশী উপলক্ষে আয়োজিত মেলায় বিপুল পুণ্যার্থীর সমাগম ঘটেছে।সীতাকুণ্ড স্রাইন (তীর্থ) কমিটি আয়োজিত তিন দিনব্যাপী মেলার আজ মঙ্গলবার সমাপনী দিন। গত রোববার থেকে এই মেলা শুরু হয়।মেলা ঘুরে দেখা গেছে, পূজা এবং মেলা উপলক্ষে দেশ-বিদেশের হাজারো পুণ্যার্থী মেলা শুরুর কয়েক দিন আগে থেকে সীতাকুণ্ডে জড়ো হন। পাহাড়ি বিপৎসংকুল পথ পাড়ি দিয়ে হাজার বছরের পুরোনো চন্দ্রনাথ মন্দিরে হিন্দুধর্মাবলম্বী পুণ্যার্থীরা পালন করেন শিবরাত্রি। পালন করেন ধর্মীয় বিভিন্ন আচারানুষ্ঠান। সীতাকুণ্ড স্রাইন কমিটি এবং সীতাকুণ্ড মেলা কমিটি সূত্র জানায়, প্রতিবছর চন্দ্রনাথে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবপূজা ও তিন দিনব্যাপী মেলা হয়ে থাকে। তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার ৮০০ ফুট পাহাড়ের ওপর অবস্থিত মন্দিরে চন্দ্রনাথ ধামে এসেছেন পুণ্য লাভের আশায়। তাঁরা ব্যাস কুণ্ডে পুণ্যস্নান, বিভিন্ন মঠ ও মন্দিরে পূজা, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধসহ বিভিন্ন কার্যাদি সম্পন্ন করেন। সরেজমিনে দেখা গেছে, মন্দিরে ওঠার সিঁড়িগুলোর নাজুক অবস্থা, ছিনতাইকারী এবং পকেটমারদের দৌরাত্ম্যের জন্য প্রতিবছরই শিবচতুর্দশী মেলায় আগতদের চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ রয়েছে। গতকাল সিঁড়ির একটি অংশ ভেঙে যাওয়ায় কিছু তীর্থযাত্রী আহত হন। তীর্থ পরিচালনা কমিটি প্রতিবছরই সিঁড়ি সংস্কারের কথা বললেও তা বাস্তবায়ন হয় না বলে অভিযোগ পাওয়া গেছে। তীর্থ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী বলেন, ‘পুণ্যার্থীরা কত টাকাই বা দান করে। এদিকে সরকারেরও কোনো সহযোগিতা পাওয়া যায় না। সিঁড়ি সংস্কারে আমরা প্রায় নয় কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছি। এ ক্ষেত্রে সমাজের দানশীল ব্যক্তি এবং সরকারের সহযোগিতা কামনা করছি।’সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী বলেন, চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে এই মেলার বিস্তৃতি। মেলা উপলক্ষে প্রায় পাঁচ হাজার দোকানপাট বসেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।