সীতাকুণ্ডে শিবির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল এলাকা থেকে মোশারফ হোসেন (২২) নামের ইসলামী ছাত্রশিবিরের এক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে টেরিয়াল ও ছোট দারোগা হাটের মাঝামাঝি স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের মাহমুদুল হকের ছেলে।

চট্টগ্রাম (উত্তর) জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রবিউল হোসাইন প্রথম আলোকে বলেন, মোশারফ ছাত্রশিবিরের সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা (২ নম্বর) ওয়ার্ড কমিটির সভাপতি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার মিরসরাই উপজেলার মিঠাছড়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে যান মোশারফ। তাঁদের দাবি, গতকাল ভোরে সাদা পোশাকে র্যাবের ১০-১২ জন সদস্য মোশারফকে ওই বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনার পর থেকে থানা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কার্যালয়সহ বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। বেলা ১১টার দিকে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের টেরিয়াল ও ছোট দারোগা হাটের মাঝামাঝি স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি অস্বীকার করেছেন র্যাব-৭-এর সীতাকুণ্ড অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, অপহরণের স্থল নির্ধারিত সীমানার বাইরে হওয়ায় বিষয়টি তাঁর জানা নেই। এ ছাড়া অভিযানের বিষয়ে সংবাদমাধ্যমে জানানো হয়। এ ঘটনায় র্যাব কোনোভাবেই জড়িত নয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হাওলাদার প্রথম আলোকে বলেন, লাশের মাথায় গুলির চিহ্ন রয়েছে। লাশটির পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। ভগ্নিপতি মফিজুর রহমান নিহত মোশারফের লাশটি শনাক্ত করেছেন।