সীতাকুণ্ডে শিবির-পুলিশ সংঘর্ষ, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটের আঘাতে আবু সুফিয়ান নামের এক পথচারী গুরুতর আহত হন। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
ইটের আঘাতে আবু সুফিয়ান নামের এক পথচারী গুরুতর আহত হন। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

হরতালের প্রথম দিনে আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের পৌর সদরের দোয়াজীপাড়া, পেশকারপাড়া, দক্ষিণ বাইপাস, হাসানগোমস্তা জামে মসজিদ এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের দুই চালক ও পথচারীসহ ছয়জন আহত হয়েছেন।
এদিকে পুলিশের রাবার বুলেটের আঘাতে শিবিরের ১৪ জন কর্মী আহত হয়েছেন বলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। উপজেলায় বিজিবি ডাকা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের পেশকারপাড়া, দোয়াজীপাড়া, সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস এলাকা থেকে একই সময়ে শিবিরের কর্মীরা মিছিল করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশ এ সময় তাঁদের বাধা দিলে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এতে দুটি ট্রাকের দুই চালক, সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ও দুই পথচারী আহত হন। তবে আগুন ধরিয়ে দেওয়ার আশঙ্কায় ট্রাক দুটি ও অটোরিকশাটি দ্রুত চলে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জান প্রথম আলো ডটকমকে বলেন, একই সময়ে তিন দিক থেকে শিবিরের কর্মীরা মহাসড়কে উঠে পুলিশের ওপর হামলা শুরু করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর পুলিশ গুলিবর্ষণ করেছে। এতে শিবিরের ১৪ নেতা-কর্মী আহত হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ইসমত জেরিন বলেন, ইটের আঘাতে আবু সুফিয়ানের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান বলেন, বড় ধরনের সংঘাতের আশঙ্কায় বিজিবিকে ডাকা হয়েছে। তবে এখনো এসে পৌঁছায়নি।