সীতাকুণ্ডের ফৌজদারহাট জলিল গেট, তুলাতলি এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন শিবির কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে জিহাদি বই, পোস্টার, লিফলেট, সিডি, কম্পিউটার, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন। তাঁকে সহযোগিতা করেন চট্টগ্রাম উত্তর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল্লাহ ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামানসহ বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জলিল গেট ও তুলাতলি এলাকায় নাশকতা সৃষ্টির সময় পুলিশ শিবির কর্মীদের ধাওয়া করে তাঁদের পিছু নেয়। এ সময় কয়েকজন শিবির কর্মী ফৌজদারহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ঢুকে পড়লে পুলিশের সন্দেহ হয়। পরে তা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে বিজিবি সদস্যরা গিয়ে অভিযানে যোগ দেন।
এ সময় ওই স্কুল থেকে তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় বিপুল জেহাদি বই, লিফলেট, কম্পিউটার, সিডিসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম।
পরে শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে শিবিরের চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। চট্টগ্রাম (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, আটককৃত ১৩ শিবির কর্মীর বেশির ভাগ কক্সবাজার, টেকনাফ, উখিয়া থেকে নাশকতার উদ্দেশ্যে সীতাকুণ্ডে আনা হয়েছে।
এদিকে ছলিমপুর শিবিরের সভাপতি শওকত হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ তুলাতলি এলাকায় অভিযানের নামে বাড়িঘরে ঢুকে আসবাব ও আলমিরা ভাঙচুর করে তাণ্ডব চালায়। এ সময় তারা টাকাপয়সা নিয়ে যায়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি এস এম বদিউজ্জামান।