সীতাকুণ্ডে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের সিডিএ এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ধর্ষণের বিষয়টি স্বীকারের পর আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন।

গতকাল সোমবার রাতে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
দেলোয়ার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সুলতান আহম্মদের ছেলে। তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রী ছলিমপুরের ওই এলাকায় ও দ্বিতীয় স্ত্রী কর্নেলহাট এলাকায় পৃথক ভাড়া বাসা নিয়ে বসবাস করছেন। শিশুটির পরিবারও ছলিমপুরের ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকত।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দেলোয়ার ওই শিশুকে বেড়ানোর নাম করে নগরের কর্নেলহাট এলাকায় ভাড়া বাসায় নিয়ে গিয়ে কয়েকবার ধর্ষণ করে। ওই সময় তাঁর স্ত্রী পোশাক তৈরির কারখানায় চাকরিতে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে তার বাসার কাছেই ছেড়ে দেয় দেলোয়ার। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানানোর পর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ধর্ষণের বিষয়টি স্বীকার করে দেলোয়ার আজ বিকেল চারটার দিকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।