হিন্দুধর্মাবলম্বীদের মহাতীর্থস্থান হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে কক্সবাজারের মহেশখালী দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরে মেলা চলছে। সেখানে গতকাল হাজারো তীর্থযাত্রীর সমাগম ঘটে।সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী প্রথম আলোকে জানান, মঙ্গলবার শুরু হয়ে গতকাল মেলা শেষ হয়। তিন দিনের এ মেলায় অন্তত ১৫ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটে। চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে ভিড়ের চাপে শতাধিক তীর্থযাত্রী আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেষের দুই দিনে অসুস্থ হয়ে ফেনী জেলার মনোরঞ্জন দাশ এবং গাইবান্ধার গোপাল চন্দ্র দে নামের দুই বৃদ্ধ মারা গেছেন।এদিকে আদিনাথ মন্দিরে গতকাল ছিল হাজারো পুণ্যার্থীর ভিড়। আদিনাথ মন্দিরের শিব দর্শন করতে দেশের বিভিন্ন এলাকা থেকে তো বটেই ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার থেকেও হাজারো তীর্থযাত্রীর আসেন। এ মেলা ১৫ মার্চ পর্যন্ত চলবে।