সীতাকুণ্ডে শ্বাসরোধে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শেয়ারীপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি শিমখেত থেকে লিপি আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ লিপি আক্তারের স্বামী জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে। লিপি জাকিরের প্রথম স্ত্রী বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির লিপিকে শ্বাসরোধে হত্যা করে বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার সোনাইছড়ির শেয়ারীপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে শিমখেতে লাশটি দেখতে পান তাঁরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার এসআই নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধার করার পর ওই এলাকায় অভিযান চালিয়ে লিপির স্বামী জাকিরকে গ্রেপ্তার করেন তিনি। জাকির দম্পতির বাড়ি চুয়াডাঙ্গায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেন দুই বছর আগে লিপিকে বিয়ে করে ঢাকায় বসবাস করতেন। লিপি চাকরি করতেন একটি পোশাক কারখানায়। তিন মাস আগে জাকির জেসমিন আক্তার (২৪) নামের একজনকে বিয়ে করে সীতাকুণ্ডের বার আউলিয়ায় একটি ভাড়াবাড়িতে বসবাস করতে থাকেন। গত রোববার লিপি স্বামীর খোঁজে ঢাকা থেকে সীতাকুণ্ডে এলে তাঁকে নিয়ে বেড়াতে বের হন জাকির। রাত তিনটার দিকে ওড়না পেঁচিয়ে লিপিকে হত্যা করে মহাসড়কের পাশে নিচু জমিতে ফেলে রেখে চলে যান।