সীতাকুণ্ডে শ্মশান দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় সংখ্যালঘু ভূমিহীনদের শ্মশান দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি রণজিৎ সাহা, মহাশ্মশান কমিটির সভাপতি হিমাংশু দেবনাথ, সাধারণ সম্পাদক গোবিন্দ শীলসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
বক্তারা বলেন, গত রোববার কুমিরা ইউনিয়নের গুল আহম্মদ জুট মিলস এলাকার বাসিন্দা এ টি এম সালাউদ্দীনের লোকজন মহাশ্মশান দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা হামলা চালায়।
বক্তারা অভিযোগ করেন, পুলিশ এ ঘটনায় কার্যকর ব্যবস্থা না নিয়ে উল্টো মহাশ্মশান কমিটির সভাপতি হিমাংশু দফাদারের বাড়িতে তল্লাশি চালায়।
মানববন্ধনে করা অভিযোগের বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এক আসামি ধরতে হিমাংশু দফাদারের সহযোগিতা নিতে তাঁর বাড়িতে যায় পুলিশ। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে পুলিশ যায়নি। এ নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে।
মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজে উপজেলা সদরের বাইরে ছিলেন। তবে শ্মশানের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করার কথা তিনি শুনেছেন।