সীতাকুণ্ডে শ্মশানের জায়গা দখলের চেষ্টা, হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সংখ্যালঘু ভূমিহীনদের মহাশ্মশান দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের হামলায় নারীসহ আটজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
দখলচেষ্টার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এ সময় প্রায় ১৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন কুমিরা ইউনিয়নের মহুরীপাড়ার বিপুল দাশ (১৭), মিনু দাশ (৫০), অঞ্জলী দশ (৫০), শ্যামল চক্রবর্তী (৩৮), বাসু দাশ (২৮), দীপ্তি মহুরী (৩২), দাসপাড়ার রতন দাস (১৯) এবং বাঁশবাড়িয়া ইউনিয়নের নাথপাড়ার সুজন নাথ (২৮)।
মগপুকুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ শীল অভিযোগ করেন, গতকাল সকালে গুল আহম্মদ জুট মিলস এলাকার বাসিন্দা এ টি এম সালাউদ্দীনের লোকজন মহাশ্মশানের জায়গা দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে হিন্দু সম্প্রদায়ের ভূমিহীন লোকজন নির্মাণ কাজে বাধা দেয়। সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আটজন আহত হন।
গোবিন্দ শীল বলেন, ওই মহাশ্মশানের পাশে সালাউদ্দীনের পুকুর রয়েছে। এর আগেও কয়েকবার তিনি শ্মশানের জায়গা দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন গোবিন্দ শীল। পরে তিনি শ্মশানের জায়গা নিয়ে আদালতে মামলা করেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ টি এম সালাউদ্দীন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্মশানের জায়গায় নয় তার পাশে তাঁর নিজের জায়গায় ঘর নির্মাণ করা হচ্ছিল। কিন্তু লোকজন বাধা দিলে খবর পেয়ে সেখানে যান তিনি। এ সময় তাঁর ওপর হামলা করেন তাঁরা। শ্মশানের জায়গাটিও তাঁদের পারিবারিক সম্পত্তি বলে তিনি দাবি করেন।
মগপুকুর এলাকাটি বাঁশবাড়িয়া ইউনিয়নের সীমানার কাছে। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শত শত নারী-পুরুষ দেখে এগিয়ে যান তিনি। এ সময় পুলিশের সহায়তায় লোকজনকে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। তখন তাঁরা মহাসড়ক ছেড়ে দেন।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, ওই জায়গাটি মহাশ্মশানের জায়গা। সালাউদ্দীন নামে ওই ব্যক্তি জায়গাটি তাঁর দাবি করে ঘর তুলতে চেষ্টা করেছিলেন। এতে ভূমিহীন হিন্দু লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, দুই পক্ষকে তাঁদের দলিল নিয়ে সোমবার (আজ) বিকেল পাঁচটায় মীমাংসার জন্য থানায় হাজির হতে বলা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। দলিলে ওই জায়গা শ্মশানের হলে সেখানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।