সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। 
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী রাশেদা বেগম (৫০) ও চালক মো. হারুন (২৮)।
অটোরিকশার আহত দুই যাত্রীকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একজনকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চট্টগ্রামমুখী সিএনজিচালিত একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে অতিক্রম (ওভারটেক) করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে ওভারটেক করা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক নিহত হয়। আহত হন তিনজন। তাঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।