সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাড়বকুণ্ড এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক মনির আহম্মদ, মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের মো. আবদুল্লাহ ও প্রকৌশলী মো. আরিফ।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগারহাট এক্সেললোড কন্ট্রোল স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক মনির আহম্মদ (৪০) ও তাঁর পাশে বসা আবদুল্লাহ (২৮) ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় আহত হন মিরসরাইয়ের বামনসুন্দর এলাকার বাসিন্দা সুমি আক্তার (৩০) ও তাঁর মেয়ে ছয় মাস বয়সী সুমাইয়া আক্তার। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান, চালক শাহজাহানকে আটক করা হয়েছে।
এদিকে সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মছজিদ্দা এলাকায় মোস্তফা হাকিম সিমেন্টের তড়িৎ প্রকৌশলী মো. আরিফকে চট্টগ্রামগামী গাড়ি ধাক্কা দেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।