সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা পুলিশের টহল গাড়ি থেমে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে পুলিশের এক সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত রোববার গভীর রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য ফৌজদারহাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. কবির হোসেন (৪০)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার হীরাপুর গ্রামে। আহতরা হলেন পুলিশ কনস্টেবল রাজু আহম্মেদ, সঞ্জিত, আলী আহম্মদ, সিন্ধু চাকমা ও চালক কনস্টেবল রফিকুল ইসলাম। এদের মধ্যে সিন্ধু চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ট্রাফিক উপপরিদর্শক সালেহ আহম্মদ প্রথম আলোকে বলেন, রাত তিনটার দিকে সার্জেন্ট কবির তাঁর দল নিয়ে ফকিরহাট এলাকায় টহল দিচ্ছিলেন।

গাড়িতে সামনের সিটে চালকের পাশে ছিলেন সার্জেন্ট কবির। ধারণা করা হচ্ছে, তন্দ্রা এসে যাওয়ায় চালক একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে টহল গাড়িটি ফকিরহাট বাজার পেরিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

 ট্রাফিক উপপরিদর্শক জানান, গুরুতর আহত সার্জেন্ট কবিরসহ অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক কবিরকে মৃত ঘোষণা করেন।

সার্জেন্টের জানাজা: বাবা আবদুল খালেক মজুমদার মারা যাওয়ার পর পুলিশ সার্জেন্ট কবির হোসেন মা, পাঁচ ভাই ও চার বোনের সংসারের হাল ধরেন। তাঁর বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হীরাপুর গ্রামে।

গতকাল বাদ আসর তাঁর গ্রামের বাড়ির জানাজায় হাজারো মানুষের ঢল নামে। প্রিয় সন্তানকে হারিয়ে পুরো এলাকাই যেন শোকাচ্ছন্ন।

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল মালেক ও সদর দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল কাদের বলেন, এলাকার মানুষকে কবির সব সময় সহযোগিতা করতেন। সৎ একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম ছিল।