সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ ছাত্ররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসের প্রধান দেলোয়ার হোসেন জানান, নিহত নেওয়াজ মোর্শেদ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
পুলিশ সূত্র জানায়, জোড়আমতল বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নেওয়াজ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ছাত্ররা রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাস এলাকায় মহাসড়ক অবরোধ করেন। রাত সোয়া নয়টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গিয়ে অবরোধ তুলে দেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, অন্তত ৩০ মিনিটের মতো অবরোধ ছিল। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।