সীতাকুণ্ডে সহিংসতা-ভাঙচুর-আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তেরিয়াল বাজার এলাকায় বিএনপি-জামায়াতের তিনজন কর্মীর বাসা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আগুন দিয়েছে একটি কারখানায়।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তেরিয়াল বাজারের চৌধুরীপাড়া এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে উপজেলা নির্বাচন চলাকালে ভোট দিতে যাওয়ায় চৌধুরীপাড়া এলাকা মোটামুটি ফাঁকা ছিল। এ সময় ২৫-৩০ জনের একটি দল অস্ত্র নিয়ে এসে বাড়িয়ারঢালা ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মওলা চৌধুরীর বাড়িসহ বিএনপি-জামায়াতের তিনজন কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। একই সঙ্গে স্থানীয় জামায়াত নেতার একটি মোমবাতি কারখানায় আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, একটি মোমবাতি কারখানায় আগুন লেগেছিল। কারখানাটির অনেকটাই পুড়ে গেছে। তবে কারখানাটি বন্ধ ছিল।
বাড়িয়ারঢালা ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মওলা চৌধুরীর ভাষ্য, তাঁরা উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেছেন। আজ ওই প্রার্থীর পক্ষে ভোট দিতে যাওয়ায় আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম আল মামুনের লোকজন হামলা চালিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এই সহিংস ঘটনার কারণ জানা যায়নি। তবে লিখিত অভিযোগ করলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।