চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাংবাদিকদের এক পক্ষের প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সাংবাদিকদের অন্য একটি পক্ষের হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে এই মিছিল বের করা হয়। সীতাকুণ্ড প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের দুটি বিবদমান কমিটির মধ্যে এক সপ্তাহ ধরে বিরোধ চলে আসছে। জানা গেছে, গতকাল একটি পক্ষ মিছিল বের করে। এতে পুলিশের বাধায় কয়েকজন সাংবাদিক আহত হন বলেও দাবি করেছেন প্রেসক্লাবের পাল্টা কমিটির সাধারণ সম্পাদক জামসেদ উদ্দীন। তাঁর নেতৃত্বেই গতকাল মিছিলটি বের হয়। এর আগে ৩ মার্চ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জামসেদ আহত হন। স্থানীয় সাংবাদিকেরা জানান, কিছুদিন আগে সীতাকুণ্ড প্রেসক্লাবের মূল কমিটির বাইরে গিয়ে কিছু সাংবাদিক পৃথক একটি কমিটি গঠন করেন। কমিটি গঠনের পর তাঁরা একটি দোকানে ‘সীতাকুণ্ড প্রেসক্লাব’ নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামসেদ আহত হন। এই ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি থানায় মামলা করেন। এর প্রতিবাদে গতকাল দুপুরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাঁরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। একপর্যায়ে পুলিশ সাংবাদিকদের লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুর রহমান বলেন, ‘সীতাকুণ্ড প্রেসক্লাবের মূল কমিটির বাইরে গিয়ে কিছু সাংবাদিক পাল্টা একটি কমিটি গঠন করেন। তাঁরা গতকাল আমাদের অনুমতি না নিয়ে মিছিল বের করলে আমরা বাধা দিই। তবে মিছিলে লাঠিপেটা করার অভিযোগ সত্য নয়।’