সীতাকুণ্ডে স্পিনিং মিলে আগুন, কোটি টাকার ওপরে ক্ষতি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সানম্যান স্পিনিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় আগুন লেগে মূল্যবান যন্ত্রাংশ ও কাঁচামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলেছে, এতে এক কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, আগুনে তাঁদের ক্ষতির পরিমাণ অন্তত ২৫ কোটি টাকা। আগুনে কারখানার ১৫টি বড় মেশিন, বিপুল পরিমাণ সুতা, তুলাসহ বিভিন্ন কাঁচামাল ও মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। জানা গেছে, কারখানায় ৬৫ জনের মতো শ্রমিক কাজ করেন। কারখানাটি ২৪ ঘণ্টা চালু থাকে। সকাল ছয়টা ৫৫ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তুলা ও সুতাজাতীয় কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাঁরা ছোটাছুটি শুরু করে দেন। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি গিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শ্রমিকদের অভিযোগ, আগুন লাগার অনেক পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে কুমিরা ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এরপর নগরের দেওয়ানহাট থেকে আরও পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, ‘আগুনে স্পিনিং কারখানার তুলা, সুতা ও যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে এক কোটি টাকার কিছু বেশি ক্ষতি হয়েছে। আমরা ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করেছি।’ তবে কারখানার ভারপ্রাপ্ত পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস এক কোটি টাকার ক্ষতি কীভাবে বলেন! আমার এক কোটি টাকা দামের অন্তত ১৫টি মেশিন পুড়ে গেছে। এ ছাড়া অন্যান্য যন্ত্রাংশ ও কাঁচামাল পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি ২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে। নতুন করে মেশিন বসিয়ে কবে নাগাদ কারখানা চালু করা যাবে তা বলতে পারছি না।’