সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। আহত লোকজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় দারোগাহাট ও ছোট কুমিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৩০)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বালিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আহত লোকজনের মধ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক রয়েছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মোস্তফা হাকিম গ্রুপের বালুবাহী একটি বড় ট্রাক বন্দর এলাকা থেকে সুলতানা মন্দির এলাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ছয়টার দিকে ট্রাকটি ছোট কুমিরা বাজার এলাকায় কাঁচা লোহার বিলেটবাহী বিকল একটি লড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান চালক রবিউল ইসলাম।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে অন্য গাড়ি দিয়ে টেনে সরানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু গাড়ি দুটিতে অত্যধিক লোড (মালামাল ভারী) থাকায় তা টেনে সরানো সম্ভব হয়নি। দুই ঘণ্টা পর গাড়ি দুটি সরিয়ে নিহত চালককে বের করা হয়েছে।

এসআই মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার বড় দারোগাহাট এলাকায় পৌঁছে সড়ক বিভাজকের ওপর তুলে দেয়। এতে বাসটি উল্টে গিয়ে চারজন আহত হয়। তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে পথ দেখতে না পেয়ে সড়ক দুর্ঘটনা দুটি হয়েছে। মহাসড়কে ঘন কুয়াশায় এ অবস্থার সৃষ্টি হলে গাড়ি ধীরে চালানোর জন্য চালকদের পরামর্শ দেন তিনি।