সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম কিরণবালা দাশ (৬০) ও মো. লুৎফর (৩০)। এঁদের মধ্যে কিরণবালার বাড়ি সীতাকুণ্ডের বারৈয়ারঢালা এলাকায়। লুৎফর বান্দরবান জেলার লামার মেঘলারচর এলাকার বাসিন্দা। তিনি দুর্ঘটনাকবলিত গাড়িটির চালকের সহকারী ছিলেন। শুকলালহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
জানতে চাইলে সীতাকুণ্ডের কুমিরা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘আজ সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় মহাসড়কে চট্টগ্রামগামী দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে গাড়িটির সহকারী ও এক নারী ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে দুজন যাত্রী ছিলেন। অপর যাত্রী সামান্য আহত হয়েছেন। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। গাড়িটি আমাদের হেফাজতে আছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।’