সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়। একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন আবদুল মতিন (৪০), ইরশাদ আলী (৭০) ও দুর্ঘটনাকবলিত বাসটির সহকারী, যাঁর নাম জানা যায়নি। হতাহত ব্যক্তিরা সবাই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় সাতজন নারীসহ ৩৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ২৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বাসটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারের ওরস থেকে ফিরছিল। ঢাকামুখী মাওয়া পরিবহন (প্রা.) লিমিটেডের ওই বাসে ৪৫ জন যাত্রী ছিলেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা ইলিয়াছ পেট্রলপাম্পের সামনে পৌঁছায় বাসটি। এ সময় ওই পেট্রলপাম্প থেকে অন্য একটি বাস বের হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, পেট্রলপাম্প থেকে বের হওয়া বাসটিকে জায়গা দিতে গিয়ে মাওয়া পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুলতানা জানান, দুর্ঘটনার পর একে একে ৩৫ জনকে আনা হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি নয়জনের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহীন জানান, নিহত তিনজনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।