সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরের ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফুর রহমান রনি (১২) সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছে একই এলাকার নুরুন্নবী ওরফে গুরা মিয়ার ছেলে জয়নাল আবেদিন (১২)। তারা ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সীতাকুণ্ড থানার সার্জেন্ট আল আমিন প্রথম আলোকে বলেন, গতকাল সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন নিহত হয়। এ সময় জয়নাল আহত হয়। আহত জয়নালকে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি আরও বলেন, কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ওই দুই শিশু শিক্ষার্থী মহাসড়কের পশ্চিম পাশে একটি বাড়িতে দাওয়াত খেয়ে বাসায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।