সীতাকুণ্ডে হরতালে জামায়াত-শিবিরের কর্মীরা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর জামায়াতের আমিরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার বৃহত্তর চট্টগ্রামে জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। বেলা ১১টা পর্যন্ত জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মীকে মাঠে দেখা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল না করলেও  সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ মোতায়েন রয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি রবিউল হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁরা শান্তিপূর্ণ হরতাল পালন করছেন। সরকার এই শান্তিপূর্ণ হরতালে বাধা দিলে তা প্রতিহত করা হবে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নাশকতা ঠেকাতে পুলিশের ২০টি দল কাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান বলেন, হরতালে নাশকতা মোকাবিলায় বিজিবির জওয়ানেরাও প্রস্তুত।