সীতাকুণ্ডে ১০ দিনে ৪৫ জন মলম পার্টির খপ্পরে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে গেছে। গত ১০ দিনে মলম পার্টির খপ্পরে পড়ে সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ ৪৫ জন সর্বস্ব হারিয়েছে। ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুন একটি পত্রিকার দুজন সাংবাদিক চট্টগ্রাম শহর থেকে কাজ শেষে সিটি গেট থেকে ভাটিয়ারী ও বাড়বকুণ্ডের বাড়িতে ফিরতে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে ওঠেন। মলম পার্টির লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের তিনটি মোবাইল ফোনসেট ও ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁদের চোখে মলম লাগিয়ে বানুর বাজার সোনালী ব্যাংকের সামনে ফেলে দেওয়া হয়। দুই দিন পর একইভাবে মলম পাটির খপ্পরে পড়ে সর্বস্ব হারান সোনালী ব্যাংক বানুর বাজার শাখার সহকারী ম্যানেজার মানিক চন্দ্র দে, ভাটিয়ারীর মাঈনুদ্দিন চৌধুরী, বারআউলিয়ার মো. শাহাজাহান ও বাড়বকুণ্ডের রহিম উদ্দিন। ভুক্তভোগীরা জানান, যানজট ও গাড়ি সংকটের সময় ওই চক্রটি তৎপরতা চালায়। মাইক্রোবাসে পরিকল্পিতভাবে রোগী সেজে চালকের সামনের সিটে বসে। পেছনের সিটে মহিলাসহ বসে তিনজন। আর মাঝখানের সিটে বসে দুজন। পথে কোনো যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করতে দেখলে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তারা গাড়িতে তোলে। এরপর মাঝপথে নিয়ে তাঁদের সবকিছু ছিনিয়ে নেওয়া হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, গত ১০ দিনে ৪৫ জন মলম পার্টির শিকার হয়ে চিকিৎসা নিয়েছে। চট্টগ্রাম পাহাড়তলী ও সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত ১০ দিনে এ ধরনের নয়টি অভিযোগ তারা পেয়েছে।