সীতাকুণ্ডে ১১ দোকান পুড়ে ছাই, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের পন্থিছিলা বাজার এলাকায় ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোররাতে আগুন লাগার এ ঘটনা ঘটে।

এ সময় আগুন নেভাতে গিয়ে স্থানীয় বাসিন্দা হেলাল (২৮), সুজন (১৪) ও আনোয়ার (৩০) আহত হন। গুরুতর আহত অবস্থায় সুজনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা দেরিতে যাওয়ার অভিযোগে দমকল বাহিনীর দুটি গাড়ি ভাঙচুর করে। এর পরও দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করলেও দমকল বাহিনীর পক্ষ থেকে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২০ লাখ টাকা।

দোকানগুলোর মূল মালিক রফিক আহমঞ্চদের ছেলে নঈম জানান, শত্রুতাবশত তাঁদের দোকানগুলোতে আগুন লাগানো হয়েছে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বলেন, রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে যেতে সামান্য দেরি হয়েছে। তার পরও দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। চায়ের দোকানের চুলা থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।