একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠন সমাবেশ আহ্বান করায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ও ভাটিয়ারী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই দুই ইউনিয়নে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।জানা যায়, ফটিকছড়িতে আওয়ামী লীগের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ভাটিয়ারীর জলিল গেট এলাকায় গতকাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগ। বৃহস্পতিবার সংগঠনটির ইউনিয়ন সভাপতি সৈয়দ শামস মাহমুদ প্রশাসনের সহযোগিতা চেয়ে সীতাকুণ্ড থানায় একটি আবেদন করেন।অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দল একই স্থানে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। তারা সমাবেশ করার অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আবেদন করে।