সীতাকুণ্ডে ১৫ দিনে ৫ খুন!
সীতাকুণ্ডে হঠাৎ খুনের ঘটনা বেড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে গত ১৫ দিনে খুন হয়েছে পাঁচজন। ৯ থেকে ২৪ মার্চের মধ্যে এসব ঘটনা ঘটে। খুনের ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
একটি ঘটনায় দুজন ছাড়া বাকি চারটির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, আসামিরা ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে তাঁদের অবস্থান নির্ণয় ও গ্রেপ্তারে সময় লাগছে।
সীতাকুণ্ডের পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী জহির উদ্দীন বলেন, খুনের ঘটনা বাড়লেও পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারছে না। এতে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আতঙ্কিত।
সীতাকুণ্ড থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মার্চ বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল ছড়ারকূল এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় রুবেল নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে মাদকসেবীরা। এ সময় আরও চার যুবক আহত হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে রুবেলের বাবা নুরুল আবসার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এর দুই দিন আগে ২২ মার্চ রাতে বারইয়ারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রায়হান উদ্দীনের উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াজ উদ্দীন নামে ইউনিয়ন যুবলীগের এক কর্মী নিহত হন। নিহত ব্যক্তির মা নাজমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
১৫ মার্চ সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকা থেকে উদীচীর উপজেলা সভাপতি দীপক চন্দ্র দের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হলে দুই যুবককে গ্রেপ্তার করে পুিলশ। ১৪ মার্চ কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় পাহাড়ের টিলা থেকেও এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ওয়ারিশ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। ৯ মার্চ বাড়বকুণ্ডের মান্দারীটোলা এলাকায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে মো. আলাউদ্দীন নামে এক যুবককে ছুরিকাহত করা হয়। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায়ও হত্যা মামলা হয়েছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সীতাকুণ্ড সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার অভিযান আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের শনাক্ত ও তাদের অবস্থান চিহ্নিত করতে সময় লাগাতে দ্রুত গ্রেপ্তার করা যাচ্ছে না।