সীতাকুণ্ডে ২০ হাজার গাছ পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের সংরক্ষিত বনে গত শুক্র ও শনিবার দুই দিনের আগুনে প্রায় ২০ হাজার চারাগাছ পুড়ে গেছে। শনিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে বন বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের বিট কার্যালয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে চন্দ্রনাথ পাহাড়ের নিজতালুক টিলায় সংরক্ষিত বনের ভেতর আগুন দেখা যায়। দমকা বাতাসে আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। একই সময় সংরক্ষিত বনের বড়তাকিয়া পাহাড়েও আগুন লাগে। বারৈয়াঢালা রেঞ্জের বিট কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ ও বড়তাকিয়ার বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, বন বিভাগের কর্মী ও বনের প্রায় ২০-২৫ জন শ্রমিক প্রায় চব্বিশ ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে ২০০ একর জায়গার বাঁশ, গামারি, আকাশমনি, কড়ই, মেহগনিসহ বিভিন্ন জাতের প্রায় ২০ হাজার চারাগাছ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে বন বিটকর্মকর্তারা বলেন, বনের পাশে ছন খেতে জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বড়তাকিয়ার বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, সীতাকুণ্ড ন্যাড়া পাহাড় বনায়ন প্রকল্পের আওতায় ২০০৩-০৪ সালে চন্দ্রনাথ পাহাড়ের প্রায় ২৫ কিলোমিটার জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। তিনি আরও জানান, শুষ্ক মৌসুমে আগুন থেকে প্রতিকার পাওয়ার জন্য এলাকায় জনসচেতনতামূলক মাইক ও শোভাযাত্রা করা হয়েছে। তার পরও আগুন থেকে গাছগুলো রক্ষা করা গেল না।