সীতাকুণ্ডে ২৭ মামলার আসামি শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ডাকাতি, খুন, নাশকতাসহ ২৭ মামলার আসামি ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের মধ্যম ইয়াকুবনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার নুর উদ্দিন ইয়াকুবনগর ওয়ার্ড শিবিরের সভাপতি। তাঁর বিরুদ্ধে ডাকাতি, খুন ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে অভিযোগে ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি মামলায় তাঁর বিরুদ্ধে   গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ঘটনায় জড়িত নুর উদ্দিন। তখন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত শনিবার সন্ধ্যায় জানা যায়, নুর উদ্দিন নিজ এলাকায় ফিরেছেন। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।