সীতাকুণ্ডে ৩ রোলিং মিলকে জরিমানা
সীতাকুণ্ডে তিনটি রড তৈরির কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানা তিনটি হলো বাড়বকুণ্ডের এস স্টিল, বাঁশবাড়িয়ার চাম্পা স্টিল ও সোনাইছড়ির শীতলপুর অটো রি-রোলিং মিলস (এসএএসএম)। এ সময় এসএএসএম কারখানার আবু জিহাদ নামের এক প্রকৌশলীকে আটক করা হয়। পরে জরিমানা আদায় করে তাঁকে মুক্তি দেওয়া হয়।
আজ বুধবার বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা রিয়াজ হোসেন মোল্লাকে সঙ্গে নিয়ে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, আজ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের এস স্টিল, চাম্পা স্টিল ও সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর অটো রি-রোলিং মিলস (এসএএসএম) নামের তিনটি রড তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পণ্য উৎপাদনে বিএসটিআইয়ের সনদ না থাকায় এস স্টিলকে ১৫ হাজার, চাম্পা স্টিলকে ২০ হাজার ও শীতলপুর অটো রি-রোলিং মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।