সীতাকুণ্ডে ৪০টি হরিণ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড সংরক্ষিত পাহাড়ি ও উপকূলীয় বনে নির্বিচারে হরিণ শিকার চলছে। গত তিন মাসে ৪০টি হরিণ শিকার করা হয়েছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ শিকারির দল সীতাকুণ্ড পৌর এলাকার চৌধুরীপাড়া, নিজতালুক, পন্থিছিলা; বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকা ও মান্দারীটোলা উপকূলীয় এলাকা, বাঁশবাড়িয়া পাহাড়ি বনাঞ্চলে এবং সৈয়দপুর ইউনিয়নের বগাচতর, শেখেরহাট ও বহরপুর উপকূলীয় বনাঞ্চলে প্রতিদিনই হরিণ শিকার করছে। গত ১৮ মে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় শিকারিদের ধাওয়া খেয়ে উপকূলীয় বন থেকে চারটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে দুটি হরিণ আহত হয়ে মারা যায়। ২৪ জুন বাড়বকুণ্ড বাজারে দুটি হরিণ জবাই করে প্রকাশ্যে বিক্রি করতে দেখা গেছে। প্রতিটি হরিণ সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকায় স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। এ ছাড়া হরিণের মাথার শিং ও চামড়াও বাজারে বিক্রি করা হয়। সীতাকুণ্ড পৌর সদরের বাসিন্দা জয়নাল আবেদিন জানান, চারজন শিকারি প্রতি সপ্তাহে দুবার হরিণ শিকার করতে পাহাড়ি বনাঞ্চলে হানা দেন। তাঁরা বনের একদিকে বিস্ফোরণ ঘটালে হরিণগুলো অন্যদিকে ভয়ে তাঁদের পাতা জালে আটকা পড়ে। কখনো কখনো তাঁদের কাছ থেকে পালিয়ে লোকালয়ে আশ্রয় নিলে সেখানেও হরিণ রক্ষা পাচ্ছে না।উপজেলার বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা হাসান মিয়া ও সীতাকুণ্ড বিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, সীতাকুণ্ড পাহাড়ি বনাঞ্চলে তিন শতাধিক এবং উপকূলীয় বনাঞ্চলে প্রায় চার শতাধিক হরিণ রয়েছে। বিভিন্ন সময়ে হরিণ শিকারের অভিযোগ পেলেও বিট কার্যালয়গুলোতে পর্যাপ্ত লোকবল না থাকায় শিকারিদের আটক করা সম্ভব হয় না। সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা জামিল মো. খান জানান, ইতিমধ্যে লোকালয় থেকে পাঁচটি হরিণ উদ্ধার করে বগাচতর গভীর বনে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, হরিণ শিকারিদের ধাওয়া খেয়ে এসব হরিণ লোকালয়ে চলে আসে। যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন হরিণ শিকার করে নিয়ে আসে।