সীতাকুণ্ডে ৫ লাখ চিংড়ি পোনা উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকা থেকে গতকাল মঙ্গলবার পাঁচ লাখ চিংড়ি পোনা উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে পোনাগুলো সাগরে অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম ভূঁইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার ছলিমপুর ইউনিয়ন থেকে আরও পাঁচ লাখ পোনা জব্দ করা হয়।
সেলিম রেজা প্রথম আলোকে বলেন, গতকাল বাঁশবাড়িয়ায় সাগর উপকূলে অভিযান চালানো হয়। এ সময় সাগরে বসানো ১০ হাজার মিটার গাড়াজাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পরে বেড়িবাঁধ এলাকার একটি ঘরের দরজার তালা ভেঙে পাঁচ লাখ চিংড়ি পোনা, ৩০টি বড় পাতিল ও ৩০টি প্লাস্টিকের ড্রাম জব্দ করা হয়। পরে চিংড়ি পোনাগুলো সাগরে অবমুক্ত করা হয়। তিনি বলেন, সরঞ্জাম, জাল ও পোনার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দুষ্কৃতকারীরা চিংড়ি পোনা ধরতে গিয়ে অন্য মাছের পোনা ধ্বংস করে ফেলে। এতে দিন দিন সাগরে মাছের পরিমাণ কমে যাচ্ছে।