দুই সপ্তাহের বৃষ্টিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই শতাধিক চিংড়িঘের ও পাঁচ শতাধিক পাঁচমিশালি মাছের পুকুর ভেসে গেছে। এ ছাড়া গ্রীষ্মকালীন সবজি, আমন ও আউশ ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা তারেক মাহমুদুল ইসলাম বলেছেন, প্রাথমিক হিসাবে পাঁচ ইউনিয়নে ধানের আবাদের ৩০০ হেক্টর জমির আমন ও আউশের বীজতলা তলিয়ে গেছে। ইউনিয়নগুলো হচ্ছে: সৈয়দপুর, বারৈয়াঢালা, মুরাদপুর, বাঁশবাড়িয়া ও কুমিরা। এ ছাড়া বারৈয়াঢালা, সৈয়দপুর, বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নের ২০০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি ও পানের বরজ ডুবে গেছে।উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলার উপকূলীয় এলাকার দুই শতাধিক চিংড়িঘের এবং পাঁচ শতাধিক পুকুর ডুবে প্রায় দেড় কোটি টাকার মাছ ভেসে গেছে।বাঁশবাড়িয়া ইউনিয়নের জমাদার পাড়ার কৃষক জয়নাল আবেদিন বলেন, দুই সপ্তাহ ধরে প্রচুর বৃষ্টি হয়েছে। তার মধ্যে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকেছে। তাঁর দুই একর জমির আউশ ধানের চারা এবং দেড় মণ আমন ধানের বীজতলা এখনো পানির নিচে।বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, তাঁর ইউনিয়নের শতাধিক পুকুর ও ৫০টি চিংড়িঘেরের মাছ ভেসে গেছে এবং ঘেরের পাড়ের সবজি বিনষ্ট হয়েছে। সৈয়দপুর ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁর ইউনিয়নের ৭০টি পুকুর এবং উপকূলীয় এলাকার প্রায় ৩০টি ঘেরের মাছ ভেসে গেছে। এ ছাড়া ৫০ হেক্টর জমির সবজি খেত বিনষ্ট হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।