সীতাকুণ্ডের উন্নয়নে চাই মহাপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে গতকাল বিকেলে প্রথম আলো আয়োজিত ‘সীতাকুণ্ড: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l প্রথম আলো
সীতাকুণ্ড উপজেলা মিলনায়তনে গতকাল বিকেলে প্রথম আলো আয়োজিত ‘সীতাকুণ্ড: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা l প্রথম আলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সার্বিক উন্নয়নে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই মহাপরিকল্পনার আওতায় আবাসন, শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি, জলাধারের জন্য নির্ধারিত অঞ্চল রাখতে হবে। এ ব্যাপারে এখন থেকেই চিন্তাভাবনা শুরু করা প্রয়োজন।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘সীতাকুণ্ড: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে প্রথম আলো। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
বৈঠকে স্থানীয় সাংসদ দিদারুল আলম বলেন, ‘সীতাকুণ্ড বলতে আমরা বুঝি ভারী শিল্প এলাকা। এই শিল্প এলাকার বিদ্যুৎ সমস্যা অনেকাংশ দূর হয়েছে। তবে গ্যাসের সমস্যার কারণে এখানে শিল্পপতিদের মধ্যে বিনিয়োগে ভাটা পড়েছে। অবশ্য তা দূর করার চেষ্টা চলছে। তখন এই এলাকায় আরও বেশি শিল্পায়ন হবে।’
দিদারুল আলমের দাবি, মাদক ও অপরাধমূলক কার্যক্রমের ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়া হচ্ছে না। তিনি বলেন, সীতাকুণ্ডের হারানো সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এলাকার পরিবহন-সংকট দূর করার জন্য ছয়টি বাস নামানো হচ্ছে।
এ ছাড়া মিরসরাই এলাকায় বিশেষায়িত শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে জানিয়ে দিদারুল আলম বলেন, এ জন্য সাত হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে সীতাকুণ্ড এলাকার বেকার সমস্যা অনেক কমে যাবে। পাশাপাশি এখানকার অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।
উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী বলেন, সীতাকুণ্ড এলাকায় পাহাড় কাটার কারণে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। অনেক সময় জড়িতরা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় পাহাড় কাটছেন। এ ছাড়া সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছে। তাই বেড়িবাঁধ সংস্কারে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন ইমরান বলেন, পাহাড় ও সমুদ্রের বিরল মিলনক্ষেত্র হচ্ছে সীতাকুণ্ড। এখানে ইকোপার্ক এলাকায় অবকাঠামোর উন্নয়ন ও হোটেল-মোটেল নির্মাণ করা হলে পর্যটনের সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। তিনি বলেন, এখানকার অধিকাংশ শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত। এ কারণে সড়ক দুর্ঘটনায় এখানে প্রতিদিন গড়ে অন্তত একজনের মৃত্যু হচ্ছে। তাই এখানে একটি ট্রমা সেন্টার নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।
সীতাকুণ্ডের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সীতাকুণ্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করে বলেন, আগের তুলনায় এখানকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে অপরাধ নির্মূলে এলাকার লোকজনকে সচেতন হতে হবে। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া অপরাধ কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে তিনি জানান।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, সীতাকুণ্ড অঞ্চলে গড়ে ওঠা জাহাজভাঙা শিল্পের পরিবেশ আগের তুলনায় উন্নত হলেও এখনো পুরোপুরি পরিবেশবান্ধব হয়ে ওঠেনি।
সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার বলেন, সীতাকুণ্ড থেকে যাতায়াতে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত যানবাহন নেই। এই অঞ্চলে একসময় প্রচুর শিশু-কিশোর সংগঠন থাকলেও এখন সেগুলোর অস্তিত্বও নেই। ফলে শিক্ষার্থীদের মানসিক বিকাশের পথ রুদ্ধ হয়ে পড়েছে। বিষয়টিকে গুরুত্বসহকারে ভাবতে হবে।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইপসার পরিচালক মাহবুবুর রহমান বলেন, সীতাকুণ্ড পৌর এলাকায় অপরিকল্পিত আবাসনের কারণে পানিনিষ্কাশন ব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে অল্প বৃষ্টি ও জোয়ারের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এস এম আবদুল মোমেন ও বেসরকারি সংস্থা ওশি’র কর্মকর্তা সাইফুল মাহমুদ।