ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার নতুন কালু শাহ সেতুর কাজ শেষ পর্যায়ে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকামুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে। সেতু চালু হলে মহাসড়কের ওই স্থানে যানজট কমবে বলে আশা করছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।
এখন চট্টগ্রামুখী পুরোনো সেতু দিয়ে দুই লেনে ঢাকা ও চট্টগ্রাম উভয় দিকের গাড়ি চলাচল করছে। ফলে সেতুর ওপর কোনো গাড়ি বিকল হলে সৃষ্টি হয় যানজট।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, সেতুটি চার লেন প্রকল্পের অংশ। নতুন এ সেতুর দৈর্ঘ্য ৩২ ও প্রস্থ ১১ মিটার। উভয় দিকে সংযোগ সড়ক রয়েছে ৭২৩ মিটার। ব্যয় হচ্ছে ৩৯ কোটি টাকা। নির্মাণকাজে সময় লেগেছে তিন বছর। সেতুর নিচে আন্ডারপাস নির্মাণের জন্য স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে কিছু দিন কাজ বন্ধ ছিল। পরে তাদের দাবি পূরণে আবার কাজ শুরু হয়।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও সংযোগ সড়কসহ সেতুটির ওপরে দিয়ে পিচঢালাইয়ের কাজ চলছে। পশ্চিম পাশের প্রতিরোধক দেয়ালের কাজও শেষ পর্যায়ে রয়েছে। সংযোগ সড়কের কাজও শেষ হয়ে এসেছে।
সেখানে ঠিকাদারের পক্ষে কাজ তদরকির দায়িত্বে থাকা নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেতুর কাজ প্রায় শেষ। বৃষ্টির জন্য পিচঢালাইয়ের কাজ ঠিকমতো করা যাচ্ছে না। তবুও এখন থেকে গাড়ি চলাচল করতে পারবে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কালু শাহ মাজার-সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী পুরোনো সেতু দিয়ে উভয় দিকের যানবাহন চলাচল করছে। এতে করে সেতুর ওপরে কোনো গাড়ি বিকল হলে যানজটের সৃষ্টি হয়। সেখানে উদ্ধারকারী ক্রেন (রেকার) ঘোরানোর জায়গা না থাকায় বিকল হওয়া গাড়ি সরিয়ে নিতে অনেক সময় লাগে। ফলে যাত্রীরা দুর্ভোগে পড়ে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে বলেন, পুরোনো সেতুর উভয় পাশে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সদস্যদের নিয়মিত দায়িত্ব পালন করতে হয়। বিকল গাড়ি দ্রুত সরিয়ে নিতে প্রস্তুত রাখা হয় ক্রেন। সেতুটি চালু হলে তা আর লাগবে না। চার লেনে দুই দিকের গাড়ি স্বাচ্ছন্দে চলাচল করবে।
জানতে চাইল সওজের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিরোধ দেয়ালের সিসি ব্লকের কিছু কাজ বাকি থাকলেও ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সেতুটি খুলে দেওয়া হবে। বাকি কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে বলে তিনি জানান।