সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় মন্দাভাব
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় (শিপব্রেকিং ইয়ার্ড) এক বছর ধরে মন্দাভাব দেখা দিয়েছে। স্থানীয় বাজারে স্ক্র্যাপের চাহিদা ও দাম কমে যাওয়া এবং দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে জাহাজভাঙা শিল্প এখন সংকটকাল অতিক্রম করছে বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
মন্দাভাবের কারণে কেউ কেউ জাহাজ আমদানি আপাতত বন্ধ রেখেছেন। ৮০টির মতো ইয়ার্ড বন্ধ হয়ে গেছে।
পুরোনো জাহাজভাঙা কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি হেফাজেতুর রহমান লোকসানের বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে। কিন্তু আমাদের দেশে স্ক্র্যাপের দাম কমে গেছে। এ ছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে গত এক বছর কোনো ব্যবসা হয়নি। বেশ কিছু ইয়ার্ড বন্ধ হয়ে গেছে।’ ২০০ ইয়ার্ডের মধ্যে বর্তমানে ঢিমেতালে চলছে ১২০টির মতো বলে তিনি দাবি করেন।
ব্যবসায়ীদের মতে, স্থানীয় অটো রি-রোলিং মিলগুলোতে বর্তমানে জাহাজভাঙা শিল্পের কাঁচামাল কম ব্যবহূত হওয়াও মন্দাভাবের অন্য একটি কারণ বলে জানা গেছে। অটো রি-রোলিং মিলগুলো উন্নতমানের রড তৈরিতে ৭৫ ভাগ আমদানিকৃত ব্লেড ব্যবহার করে থাকে বলে জানা গেছে। এসব কারণে চাহিদা কমে গেছে। সরেজমিনে দেখা গেছে, সীতাকুণ্ডের সিকো স্টিল নামের ইয়ার্ডে তিনটি জাহাজ ভিড়েছে। এর মধ্যে একটি অনেকটা কাটা হয়ে গেছে। বাকি দুটিও কাটা চলছে। ইয়ার্ডজুড়ে বিভিন্ন লোহার সামগ্রী পড়ে রয়েছে। এগুলোর ক্রেতার কোনো দেখা নেই। মো. জসিম উদ্দিন নামে এক মধ্যস্বত্বভোগী ইয়ার্ডে বসে আছেন। তিনি জানান, যে পরিমাণ মালামাল এই ইয়ার্ডে আছে সবগুলোর দাম কমে গেছে। আগে যে কেব্ল আমরা ৩৫০ টাকা কেজি বিক্রি করতাম এখন তা ২৫০ টাকায় নেমে এসেছে। যার জন্য মালামাল বিক্রি হচ্ছে না। ক্রেতা না থাকায় এই অবস্থা হয়েছে। মন্দাভাবের কারণে এখন সীতাকুণ্ডের সোনাইছড়ি ম্যাবস স্টিল করপোরেশন নামে একটি ইয়ার্ড বন্ধ হতে চলেছে। সেখানে লোহার একটি ছোট টুকরোও নেই। এটির মালিক মাহবুবুর রহমান জানান, ‘এক বছরে পাঁচটি জাহাজ কেটেছি। কিন্তু লাভের মুখ দেখিনি। দাম বাড়বে ভেবে প্রতিবার জাহাজ আনি। কিন্তু প্রতিবার একই অবস্থা। এদিকে ব্যাংকঋণ ও সুদ বাড়ছে।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন স্ক্র্যাপ জাহাজে স্থানীয় বাজারের চেয়ে অন্তত ৩০-৪০ ডলার বেশি। এসব কারণে গেল বছর জাহাজ আমদানি আগের বছরের চেয়ে কমেছে। গত বছর মোট ২০১টি পুরোনো জাহাজ আমদানি হয়। এর আগের বছর রেকর্ড ২২৯টি জাহাজ আমদানি হয়েছিল। বিএসবিএর সহসভাপতি মো. নাজিম উদ্দিন বলেন, ‘যদি নতুন সরকার একটি স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে কিছু উন্নয়ন কর্মকাণ্ড হাতে নেয় এবং আবাসন ব্যবসা পুনরুজ্জীবিত হয়, তাহলে আমাদের ব্যবসা চাঙা হতে পারে।’