সীতাকুণ্ডের ডিপো থেকে দেহাবশেষ উদ্ধার

কনটেইনার ডিপো থেকে লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে একজনের মাথার খুলি এবং এক ব্যক্তির পায়ের অংশবিশেষ উদ্ধার করা হয়। পরে সেগুলো দুটি আলাদা প্যাকেটে ভরে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে ঘটনাস্থলে এই বিস্ফোরণে হতাহতের যে তালিকা টানানো হয়েছে, সেখানে নিহত ব্যক্তির সংখ্যা ৪৬ জন করা হয়েছে। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এই পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আগুনে দেহের বেশির ভাগ ভস্ম হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সে কারণে উদ্ধার দেহাবশেষকে দুই ব্যক্তির দেহ বলে ঘোষণা দিয়ে তাঁদের নোটিশ বোর্ডে অন্য মৃতদেহের সঙ্গে তালিকায় অন্তর্ভুক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত প্রথম আলোকে বলেন, ডিপোর দুই স্থান থেকে দুটি লাশের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। এখন মৃতের সংখ্যা ৪৬।

গত শনিবার রাত সোয়া ৯টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েকের মাথায় রাসায়নিকের কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অনেকের দেহ ছিন্নভিন্ন হয়েছে। এর আগে সেখান থেকে ৪৪ জনের লাশ উদ্ধারের কথা জানানো হয়েছিল। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।