সীতাকুণ্ডের দুটি ত্রিপুরাপাড়ায় টিকাকেন্দ্র স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামে আক্রান্ত হয়ে নয় শিশুর মৃত্যুর পর গতকাল বুধবার সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ি ও দক্ষিণ সোনাইছড়ি ত্রিপুরাপাড়ায় দুটি অস্থায়ী টিকাদানকেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল প্রথম দিনে চার শিশুকে হামসহ বিভিন্ন রোগের ও এক নারীকে ধনুষ্টঙ্কারের টিকা দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী মধ্যম সোনাইছড়ির ত্রিপুরা পল্লির বীরেন্দ্র ত্রিপুরার বাড়িতে একটি টিকাকেন্দ্রের উদ্বোধন করেন। ১১ মাস বয়সী সাজু ত্রিপুরাকে টিকা দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। দক্ষিণ সোনাইছড়ির মঙ্গারাম ত্রিপুরার বাড়িতে আরেকটি অস্থায়ী টিকাকেন্দ্রের উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এস এম নুরুল করিম।

জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, যেসব শিশুরা হামে আক্রান্ত হয়েছে তারা সুস্থ হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে টিকা দেওয়া হবে। এ ছাড়া ত্রিপুরাপাড়াতে ৩০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরস্যালাইন বিতরণ করা হচ্ছে।

এদিকে, গতকালও মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া থেকে জ্বর আক্রান্ত দুজনকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে গতকাল সুস্থ নয় শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিআইটিআইডি থেকে সুস্থ দুজনকে বাড়ি পাঠানো হয়েছে। বর্তমানে চমেক হাসপাতালে ৫৪ জন ও বিআইটিআইডিতে ৯ জন চিকিৎসাধীন রয়েছে।

গতকাল চমেক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া নয় শিশুর প্রত্যেক অভিভাবককে নগদ দেড় হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে ‘শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সমিতি’। এ ছাড়া ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ নামে একটি সংগঠন চমেক হাসপাতালে চিকিৎসাধীন ত্রিপুরাপাড়ার শিশুদের গতকাল পুষ্টিকর খাবার বিতরণ করেছে।