সীতাকুণ্ডের নয় ইউপিতে আজ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আজ। এ জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ হয়েছে। ব্যালট পেপারসহ সব ধরনের সরঞ্জাম ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে গেছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সীতাকুণ্ডের নয়টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৫৮৭ জন। তার মধ্যে নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৬৬৪ জন। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে লড়ছেন ২৭ জন প্রার্থী।
কুমিরা ইউনিয়নের ভোটার সেলিম আনসারি বলেন, তাঁর এলাকায় কোনো ধরনের অশান্তি চোখে পড়েনি। উৎসবমুখর পরিবেশে তাঁর কেন্দ্রে ভোট হবে বলে তিনি আশা করছেন।
সোনাইছড়ি ইউনিয়নের ভোটার আবু ফোরকান বলেন, গত পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা ও গত কয়েক দিনের সহিংসতার খবরে তিনি শঙ্কিত।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী বলেন, ‘মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। কিন্তু গত এক সপ্তাহে বহিরাগত সন্ত্রাসীরা প্রশাসনের ছত্রচ্ছায়ায় বিভিন্ন ইউনিয়নে ঢুকে হুমকি-ধমকি দিচ্ছে। এতে জনগণ কিছুটা উদ্বিগ্ন।’
আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া বলেন, জনগণের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেবেন, আওয়ামী লীগও তা-ই চায়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির আশঙ্কা অমূলক। তারা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী দিতে পারেনি। তাই আওয়ামী লীগের সব প্রার্থী জয়ী হবেন বলে তিনি আশাবাদী।
উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা বলেন, সময়মতো নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে গেছে বলে প্রিসাইডিং কর্মকর্তারা তাঁকে নিশ্চিত করেছেন।