সীতাকুণ্ডের পাহাড়ে ঝুঁকিতে সাড়ে ১০ হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪৮টি পাহাড় ও টিলায় অন্তত সাড়ে ১০ হাজার পরিবার বাস করছে। এর মধ্যে ৬০ ভাগ বসতি ঝুঁকিপূর্ণ। বসতিগুলো গড়ে তোলা হয়েছে পাহাড়ের মাটি কেটে। এ তথ্য উপজেলা ভূমি কার্যালয়ের। তবে ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ১৮ হাজার পরিবার বসবাস করছে। তাদের বসবাস ঝুঁকিপূর্ণ হওয়ায় পাহাড় ধসে ঘটছে প্রাণহানি।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল বসতির ৩ নম্বর সমাজে ভূমি থেকে অন্তত ৭০ ফুট ওপরে একটি ঘরে পাহাড়ধসে ২ নারী ও ৩ শিশু মিলে ৫ জন মারা যায়। আহত হয় আরও ৪ জন। ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর প্রবল বৃষ্টিতে পাহাড়ধসে দুজন প্রাণ হারায়।

সরেজমিনে কুমিরা, সোনাইছড়ি, সলিমপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষগুলো পাহাড়ের ঢাল কেটে টিন, শণ ও বাঁশ দিয়ে ছোট ছোট ঘর নির্মাণ করে সেখানে পরিবার নিয়ে থাকছে। আবার কোথাও মাটির দেয়াল দিয়ে, কোথাও আধা পাকা ঘর তৈরি করে থাকছে অনেকে।

কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, তাঁর ইউনিয়নে পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবার রয়েছে ১৫৫টি। এর মধ্যে ৬০টি পরিবার অতিঝুঁকিপূর্ণ। এসব পরিবারকে দ্রুত সমতলে পুনর্বাসন করা দরকার।

সবচেয়ে বেশি পরিবার থাকে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামের পাহাড়ে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর গ্রামটি দুই ভাগে বিভক্ত। একটি আলিনগর, অন্যটি ছিন্নমূল বসতি। দুই এলাকায় ৪০টি পাহাড়ে ১০ হাজার পরিবার বসবাস করছে। যার ৬০ ভাগ ঝুঁকিপূর্ণ। ৪০টি পাহাড়ে অন্তত ৮৫০ একর পাহাড়ি খাসজমি রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, পাহাড়ধসের আগে জেলা প্রশাসনের নির্দেশে জঙ্গল সলিমপুরের পাহাড়, ভূমির পরিমাণ ও বসতি গণনা করে তাঁর দপ্তর। তা আরও যাচাই-বাছাই করে আগামী সপ্তাহে জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে।

এ ছাড়া কুমিরা, বারৈয়ারঢালা, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি ও সীতাকুণ্ড সদরে ৮টি পাহাড়ে ৪০০ আদিবাসী পরিবার রয়েছে।

জঙ্গল সলিমপুরের স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে সেখানে প্লট (পাঁচ শতক) বিক্রি হচ্ছে স্থানভেদে পাহাড়ের ওপর থেকে নিচের দিকে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা। সেটি সমিতির অনুমোদন নিতে লাগে কমপক্ষে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা।

জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর সমিতির অধীনে সদস্য রয়েছেন ১৫ হাজার। বসবাস করছেন ৮ হাজার। এর মধ্যে ১০০টি পরিবার অতিঝুঁকিপূর্ণ। তাদের নামিয়ে আনা হয়েছে। তাদের সমতলে জায়গা করে দেওয়া হবে।

গত শুক্রবার জঙ্গল সলিমপুরে ধসে যাওয়া পাহাড় পরিদর্শন করতে এসে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, যে পাহাড়ে মানুষগুলো বসবাস করছে, তা বসবাসের জন্য উপযোগী নয়। এ সমস্যার স্থায়ী সমাধান দরকার। ঘরগুলো অবৈধ। তাদের সরিয়ে দিতে হবে। সরকারের সব দপ্তরের সমন্বিত সিদ্ধান্ত নিয়ে এ জায়গার বসতিদের নিরুৎসাহ করতে হবে।