সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ কার্যালয় ঘেরাও ভাঙচুর, দুজন আহত
ট্রান্সফরমার নষ্টের কারণে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ বিভাগ কার্যালয় ঘেরাও করেছে গ্রামবাসী। এ সময় বিদ্যুৎ কার্যালয়ের দরজা, জানালা ও জরুরি কাজে ব্যবহূত গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের দুজন আহত হয়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।ঘেরাওকারীরা জানান, ঈদের তিন দিন আগে বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়ার চারালগান্ধী গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। ঈদের আগে দ্রুত বিদ্যুৎ পাওয়ার আশায় এলাকাবাসী চাঁদা তুলে লাইনম্যান নুরুল আমীনকে ৩০ হাজার টাকা দেন। ঈদের তিন দিন পর গত সোমবার রাতে ট্রান্সফরমারটি পরিবর্তন করা হয়। গতকাল সকালে সেটি নষ্ট হয়ে গেলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুৎ অফিস ঘেরাও করে। সাড়ে ছয়টা পর্যন্ত এ ঘেরাও কর্মসূচি চলতে থাকে। এ সময় দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে হাতাহাতিতে মো. রুবেল (২৭) আহত হন। টাকা নেওয়ার ব্যাপারে লাইনম্যান নুরুল আমীনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ভাঙচুরের বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাদাকাত উল্যাহ মিয়াজি বলেন, ‘নির্বাহী প্রকৌশলী আমাকে বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার নতুন করে ট্রান্সফরমার লাগানো হবে।’ সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম বলেন, ‘ঘটনা শুনে আমি ফোর্স পাঠিয়েছি।’